আজিজ মোড়ল, মোংলা, আগষ্ট ৭, ২০২০ – মোংলায় সদ্য গঠিত মোংলা অনলাইন প্রেস ক্লাবের উদ্দ্যোগে “যদি তুমি জানো আগামী কাল কেয়ামত, তারপরও আজ একটি বৃক্ষ রোপন কর” হযরত মুহাম্মদ (সঃ)-এর এই বাণীকে সামনে রেখে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হচ্ছে।
৭ই জুলাই, শুক্রবার, মোংলা ট্রেডার্স মসজিদে বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। মোংলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ আনিসুর, সাধারণ সম্পাদক আজিজ মোড়ল, অর্থ সম্পাদক তাওহিদুল ইসলাম সানি মারুফ বাবুসহ ক্লাবের সদস্যরা এই উদবোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমরান হোসেন বাবুল, সাপ্তাহিক মেছের শাহ্ পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান দুলাল, সাংবাদিক আক্তার হোসেনসহ অনেকে। এ সময় বিভিন্ন মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করার বিষয়টি সামনে রেখে আলোচনা করা হয় । অনলাইন প্রেসক্লাবের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত শারীরিক অসুস্থ থাকায় ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এই অনুষ্ঠানে প্রত্যেক মানুষকে নিজ নিজ দায়িত্বে কমপক্ষে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। “গাছ আমাদের পরম বন্ধু। তাই একটি গাছ কাটার আগে অন্ততঃ দুটি গাছ লাগান। বেশি করে গাছ লাগাই পরিবেশ বাঁচাই।” – পরিবেশ সুন্দর রাখতে গাছের বিকল্প নেই বলেও মনে করেন সাংবাদিকবৃন্দ।